ওলামা লীগ সভাপতিকে ছুরিকাঘাত, আটক ব্যাক্তি আনসারুল্লার বলে দাবি পুলিশের

ওলামা লীগ সভাপতিকে ছুরিকাঘাত, আটক ব্যাক্তি আনসারুল্লার বলে দাবি পুলিশের

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাতকারী মোজাহিদুল ইসলাম আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ওলামা লীগের সভাপতিকে দেখতে গিয়ে এ দাবি করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শেখ মুহাম্মদ মারুফ হাসান।

তিনি বলেন, এ ঘটনার পর মোজাহিদুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছেন। তিনি রাজধানীর হাজারীবাগের একটি মাদ্রাসার শিক্ষার্থী বলেও জানিয়েছেন। এ ব্যাপারে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

জানা গেছে, আগে থেকেই পাণনাশের হুমকি পাচ্ছিলেন আল্লামা ইলিয়াস হোসাইন। ওলামা লীগের দপ্তর সম্পাদক মোয়াজ ইবনে মোসাদ্দেক জানিয়েছেন, হুজুরের প্রাণনাশের হুমকি ছিল। তাকে অনুষ্ঠানে যোগ না করার জন্য বিভিন্ন সময় ফোনে হুমকি দেওয়া হতো।

তিনি বলেন, আগেই হুজুরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তাকে অনুষ্ঠানে যোগ না করার জন্য বিভিন্ন সময় ফোনে হুমকি দেওয়া হতো। আজকে এ ‍হামলা চালানো হলো।

ইলিয়াস হোসাইনের রাজনৈতিক সহকর্মী আবুল আজিজ খান জানান, বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে মসজিদের দক্ষিণ গেট দিয়ে বেরিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার ঘাড়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

ইলিয়াস হোসাইনের গাড়ি চালক রুবেল জানান, হুজুরকে বায়তুল মোকাররম মসজিদে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করি। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে নেমে জুতা পরার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ দিক দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তরা আল্লামা ইলিয়াস হোসেন হেলালীর ঘাড়ে ছুরিকাঘাত করে। পরে সেখানকার লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠান।

এ ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঢামেক হাসপাতালে যান তাকে দেখতে। এ সময় দলীয় নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা