ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক ৩ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭ যানবাহন, আহত একাধিক

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক ৩ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭ যানবাহন, আহত একাধিক

মুন্সিগঞ্জ, ২ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঘন কুয়াশার কারনে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত পৃথক ৩ দুর্ঘটনায় ৭টি যানবাহন
ক্ষতিগ্রস্থ ও একাধিক যাত্রী আহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত একটার দিকে ছনবাড়ি এলাকায় মাওয়ামুখি লেনে চলন্ত বাস সামনে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক যাত্রীবাহী ওই বাসটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের ড্রাইভার ভেতরে আটকা পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করে ড্রাইভারকে উদ্ধার করে। মূল এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়, এ সময় সার্ভিস লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে। বাসের কয়েক যাত্রী আহত হওয়ায় তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা এবং ফরিদপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভোর পাঁচটার দিকে লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় কাভার্ড ভ্যানের ড্রাইভার আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করা হয়।

এর আগে, রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্টপেজ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে সাদ পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়। এই ঘটনাতেও বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়লে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার কর্মকর্তা আরো জানান, ঘন কুয়াশার কারণে আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে বেগ পোহাতে হয়। তীব্র শীতে কয়েকজন ফায়ার কর্মীও হতবিহবল হয়ে পড়েন। পরে তারা রাস্তার পাশেই শুয়ে সাময়িক বিশ্রাম নেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা