নদীতে বালু তোলায় প্রতিবাদে কাজ না হওয়ায় লাঠি-বাঁশ নিয়ে দলবেঁধে নদীতে নামলেন নারী-পুরুষ

নদীতে বালু তোলায় প্রতিবাদে কাজ না হওয়ায় লাঠি-বাঁশ নিয়ে দলবেঁধে নদীতে নামলেন নারী-পুরুষ

মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরআব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে তীর ঘেষে অবৈধ উপায়ে বালু কাটায় মৌখিক প্রতিবাদ করেও কাজ না হওয়ায় এবার হাতে লাঠি-সোটা, বাঁশ, বডি ইত্যাদি নিয়ে পানিতে নেমে বালু উত্তোলনে জড়িতদের ধাওয়া দিয়েছেন দলবদ্ধ নারী-পুরুষ ও কিশোর-তরুণরা। এসময় সংঘর্ষের ঘটনাও ঘটে। আহত হন বালু উত্তোলনে জড়িত বেশ কয়েকজন।

বৃহস্পতিবার দুপুরে আঁধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। পরে নদীতে টহল দেয় নৌ পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনায় বৈধ বালুমহাল থাকলেও বালুমহালের লোকজন নির্ধারিত স্থান ছেড়ে নদীর তীরে কাছাকাছি এসে বালু কাটা শুরু করে। এতে  স্থানীয়দের ফসলি জমি-ভিটে মাটি ভাঙনের আশঙ্কা তৈরি হয়।

বিষয়টি নিয়ে মৌখিকভাবে এলাকাবাসী প্রতিবাদ জানালেও তাতে লাভ হয়নি। গত কয়েকদিন ধরেই এ নিয়ে উত্তেজনা চলছিলো স্থানীয় জনতা ও বালু ব্যবসায়ীদের মধ্যে।

বৃহস্পতিবার সকালে চরআব্দুল্লাহ সংলগ্ন নদীতে বালু কাটা শুরু করলে ড্রেজার নিয়ে আসা লোকজনকে ভিটেমাটি রক্ষায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে গ্রামবাসী। এসময় বালু ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। পরে নদী তীরের স্থানত্যাগ করে মাঝ নদীতে চলে যায় বালুমহালের লোকজন।

চরআব্দুল্লাহ নৌপুলিশের ইনচার্জ মাহবুব আলম দুই পক্ষের মধ্যকার সংঘর্ষের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বালু কাটা নিয়ে গ্রামবাসীর আপত্তি থাকায় ধাওয়ার ঘটনা হয়।’

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা