নবাগত চিত্রনায়িকা আলিশা প্রধান অভিনীত ও প্রয়াত বিখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ ছবি ‘অন্তরঙ্গ’ আগামী ৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এতে আলিশার বিপরীতে রয়েছেন ইমন। আলিশা মনে করেন, চাষী নজরুল ইসলামের এই ছবি বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে নতুন ধারা প্রদর্শন করবে।
আলিশা বললেন, ‘এ ছবির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। আমি খুব ভাগ্যবতী, চাষী স্যারের ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছি। চলচ্চিত্রে তাঁর মতো মানুষ আমি দেখিনি। এতটা আন্তরিক বন্ধুসুলভ মানুষের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি, চাষী নজরুল ইসলামের শেষ ছবিগুলোর একটি হিসেবে দর্শকরা এটি ভালোভাবেই গ্রহণ করবেন। আজকে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে এই ছবি মুক্তি পাওয়ার আনন্দটা আরো বহু গুণ বেড়ে যেত। ওনার ছবি এর আগে বাংলাদেশে নতুন ধারা তৈরি করেছে। এই ছবির মাধ্যমে দর্শক বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে নতুন ধারা দেখবেন। বাণিজ্যিক ছবি মানেই বিদেশি গল্পের নকল নয়, আমাদের গল্প নিয়েও দারুণ বাণিজ্যিক ছবি হতে পারে। আশা করছি দেশের ছবিপ্রেমিক দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখবেন।’
চাষী নজরুল ইসলামের ছবিতে কীভাবে যুক্ত হলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি টিভি অনুষ্ঠানে দেখে তিনি আমাকে ফোনে দেখা করতে বললে আমি ওনার বাসায় যাই। প্রথম দিন ওনাকে দেখেই আমি প্রেমে পড়ে যাই। উনি আমার কাজ দেখে বললেন, তোমার অভিনয় ঠিক আছে কিন্তু আরেকটু স্কিল হতে হবে। ছবির শুটিং শুরু হওয়ার পর উনি আমাকে অভিনয় দেখিয়ে দিতেন। এরপর আমি আর মিস করিনি। প্রত্যেকটা শটের আগে বলতাম, স্যার বুঝতে পারছি না দেখিয়ে দিন। উনি দেখিয়ে দিতেন, আর অভিনয়টা এমনভাবে দেখাতেন যে নিজের মধ্যে চরিত্রটা অনুভব করতাম। আসলে ওনাকে আমি কখনো ভয় পাইনি, ভালোবেসেছি। যে কারণে কাজটি ভালোভাবে করার চেষ্টা করেছি।’
কোরবানির ঈদ উপলক্ষে ‘অন্তরঙ্গ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ছবিটি প্রযোজনা করেছেন গিয়াস উদ্দিন মুরাদ ও হোসনা প্রধান।
