আজ মুন্সিগঞ্জ ছেড়ে যাচ্ছেন এসপি শামসুল আলম, দিলেন খোলা বার্তা

আজ মুন্সিগঞ্জ ছেড়ে যাচ্ছেন এসপি শামসুল আলম, দিলেন খোলা বার্তা

মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার তার প্রায় ১ বছর ৩ মাসের দায়িত্ব পালন শেষে মুন্সিগঞ্জ জেলা ত্যাগ করেছেন।

গত বছরের ৩১ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি মুন্সিগঞ্জে যোগদান করেন এবং আজ শুক্রবার (২৮ নভেম্বর) পর্যন্ত এখানে নিয়োজিত ছিলেন।

বিদায় বেলায় মুন্সিগঞ্জবাসীর প্রতি একটি বার্তায় তিনি তার মেয়াদের কার্যক্রম, চ্যালেঞ্জ ও অর্জনগুলোর সারসংক্ষেপ তুলে ধরেন।

তার সেই বার্তাটি নিজস্ব ভঙ্গিতে তুলে এনেছে আমার বিক্রমপুর।

শুরুতে ছিল চ্যালেঞ্জ

মুহম্মদ শামসুল আলম সরকার তার বার্তায় উল্লেখ করেছেন, যোগদানের সময় তাকে ‘দীর্ঘদিন ধরে রাজনৈতিক তোষনে পিষ্ট কিংকর্তব্যবিমূঢ় কিছু পুলিশ সদস্য, ভঙ্গুর অবকাঠামো ও যানবাহনের তীব্র স্বল্পতাসহ নানা সমস্যা’ মোকাবিলা করতে হয়েছে। তিনি জানান, এই প্রতিকূলতার মধ্যে তিনি পুলিশ সদস্যদেরকে ধীরে ধীরে কর্মমুখী করে সীমিত সম্পদ নিয়ে কাজ শুরু করেন।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধের তথ্য

এসপি শামসুল আলম দাবি করেছেন, তার সময়ে পুলিশ সদস্যদের মধ্যে মনোবল ফিরে আসে এবং তাদের সহযোগিতায় জেলায় অপরাধের ঘটনা কমতে শুরু করে। তিনি উল্লেখ করেন, তার মেয়াদে খুন, চুরি, দস্যুতা ও ডাকাতির সংখ্যা পূর্ববর্তী সকল সময়ের তুলনায় হ্রাস পেয়েছে এবং সংঘটিত সকল অপরাধে অপরাধী গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি মনে করেন, অল্প সময়ের মধ্যেই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই সফলতার জন্য তিনি জেলা প্রশাসন, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি, সেনাবাহিনী ও র্যাব সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন ও আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অবকাঠামো ও সম্পদ সংগ্রহ

পুলিশের কাজে গতিশীলতা আনতে তার উদ্যোগে বেশ কিছু নতুন যানবাহন সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে ৭ টি ডাবল কেবিল পিকআপ, ২ টি হায়েস মাইক্রোবাস, ২ টি লেগুনা, ও ৫ টি মোটরসাইকেল।

এছাড়াও, তিনি তার মেয়াদে পুলিশ সুপারের কার্যালয় ভবন, মুন্সিগঞ্জ সদর থানা ভবনসহ জরাজীর্ণ পুলিশি স্থাপনার সার্বিক মেরামত ও উন্নয়ন সম্পন্ন করার কথা জানান।

নতুন পুলিশি স্থাপনার প্রস্তাবনা

আইনশৃঙ্খলা জোরদার করার অংশ হিসেবে তার উদ্যোগে গুয়াগাছিয়া, বালুচর ও বাঘড়া এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গুয়াগাছিয়া, বালুচর, বাঘড়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং আলমপুর পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছেন।

বিদায়ী বার্তা

মুহম্মদ শামসুল আলম সরকার তার বার্তায় মুন্সিগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে বলেন, “কোন একটি নির্দিষ্ট সেবা আপনাদের যেভাবে এবং যত দ্রুত দেয়া প্রয়োজন ছিল, সকল ক্ষেত্রে তা সেইভাবে দেয়া সম্ভব হয়নি। এই ব্যর্থতাকে গ্রহণ করতে আমার বিন্দুমাত্র কার্পণ্য নেই।”

তিনি মুন্সিগঞ্জবাসীর প্রতি শুভকামনা জানিয়ে তার বার্তা শেষ করেন এবং আশা প্রকাশ করেন, তারা আগামী দিনগুলোতে আরো ভালো এবং নিরাপদে থাকবেন।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা