মুন্সিগঞ্জের টংগিবাড়ী- মাওয়া রুটে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ

মুন্সিগঞ্জের টংগিবাড়ী- মাওয়া রুটে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের ঘৌলতলী এলাকায় বেইলি ব্রিজ ধসে মুন্সিগঞ্জের টংগিবাড়ী -মাওয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে বিকল্প সড়ক দিয়ে এই রুটের যানগুলো চলাচল করছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৮ মার্চ) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২ টা’র দিকে একটি কাঠবোঝাই ট্রাক (ঢাকা মেট্টো- ঘ – ২০-৩৭৮৯) লৌহজংয়ের ঘৌলতলী বেইলি সেতু পার হওয়ার সময় ধসে নিচে পড়ে যায়। এতে গতকাল রাত থেকে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দূর্ঘটনার সময় ট্রাকে থাকা চালক নুরু মুন্সি ও চালকের সহকারি (অজ্ঞাত) ট্রাক থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে পালিয়ে যান।

কাঠবোঝাই ট্রাকটি বালিগাও থেকে মাওয়ার দিকে যাচ্ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগ মুন্সিগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান জানান, ১৯৯৯ সালে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। এটির ধারণক্ষমতা ৫ টন। গতকাল রাতে দূর্ঘটনার পর এই রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প সড়ক হিসেবে সিপাহীপাড়া-ইছাপুড়া-শ্রীনগর সড়কে যান চলাচল করছে।

টংগিবাড়ী-মাওয়া সড়কে এরকম ঝুকিপূর্ণ ৬ টি বেইলি ব্রীজ সহ মোট ১০ টি সেতু রয়েছে। সেগুলো পুনঃনির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই সেগুলোর কাজ শুরু হবে।

তিনি জানান, ব্রিজটি সংস্কারে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে। ট্রাকের মালিক ও চালকের পরিচয় জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, দূর্ঘটনার সময় ব্রীজটি খালি ছিলো। এসময় ট্রাকের চালক ও সহকারি সামান্য আহত হলেও তারা ঘটনার পরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রাকটি উদ্ধারের পদক্ষেপ নেয়া হচ্ছে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা