মুন্সিগঞ্জে কাউন্সিলরপুত্র খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জে কাউন্সিলরপুত্র খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মুন্সিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাট নিয়ন্ত্রণ নিয়ে ত্রিমুখী দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মিরকাদিম পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়ার ছেলে সম্রাট ঝলক শিকদার (২২) হত্যার ঘটনায় মামলার ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।

গেল বৃহস্পতিবার দুপুরে নিহতের বাবা লিটন মিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত বুধবার বেলা সাড়ে ১২টা’র দিকে মিরকাদিম লঞ্চঘাট এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

সম্রাট ঝলক শিকদার মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এখন পর্যন্ত গ্রেপ্তার আসামিরা হলো, ঝিল্লুর রহমান, মো. সুমন, মো. নাছির, রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম।

এদের মধ্যে ঝিল্লুর রহমান (৪২) ও মো. সুমন গোয়াল (৪০) কে নারায়ণগঞ্জের রুপগঞ্জের মুড়াপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করে। তাদের দুজনকে কাল শনিবার আদালতে তোলা হবে।

অন্যদিকে এই মামলার আসামি নাছির, রফিকুল ও শফিকুলকে বৃহস্পতিবার মুন্সিগঞ্জের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব খাঁন জানান, ঝলক হত্যার ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালামের ছেলে আল রাশেদ মানিক কে ৯নম্বর আসামি করা হয়েছে।

ইতিমধ্যে মামলার এক নম্বর আসামি জিল্লুরসহ ৫ জন পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, মিরকাদিম লঞ্চঘাটের ইজারা সহ মালামাল উঠা-নামাকে কেন্দ্র করে কাউন্সিলর লিটন মিয়া, শ্রমিক লীগ নেতা ঝিল্লুর রহমান ও মেয়র পুত্র আল রাশেদ মানিক এর মধ্যে ত্রিমুখী বিরোধ চলছিলো। গত মিরকাদিম পৌরসভা নির্বাচনে কাউন্সিলর লিটন মিয়া ও ঝিল্লুর রহমানের মধ্যে সুসম্পর্ক ছিলো। নির্বাচনের পরপর আধিপত্য ও এলাকায় বিভিন্ন কাজের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। সম্প্রতি মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের ছেলে আল রাশেদ মানিক ঘাট এলাকায় ট্রলার থেকে মালামাল উঠা-নামার দায়িত্ব পান। এ নিয়ে কাউন্সিলর লিটন মিয়া ও শ্রমিক লীগ নেতা ঝিল্লুর সাথে ত্রিমুখী দ্বন্দ্ব শুরু হয়। বুধবার দুপুরে কাউন্সিলর লিটন মিয়া ও শ্রমিক লীগ নেতা ঝিল্লুর রহমান লোকজন নিয়ে মিরকাদিম ঘাট এলাকায় অবস্থান নিলে একপর্যায়ে সংঘর্ষ হয়। এসময় ঝিল্লু পক্ষের ছুরিকাঘাতে কাউন্সিলরপুত্র ঝলকের মৃত্যু হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা