মুন্সিগঞ্জে মহাসড়কে মোটরসাইকেলে অজ্ঞাত যানের চাপায় প্রাণ গেছে পুলিশ সদস্যের

মুন্সিগঞ্জে মহাসড়কে মোটরসাইকেলে অজ্ঞাত যানের চাপায় প্রাণ গেছে পুলিশ সদস্যের

মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় মোটরসাইকেলে অজ্ঞাত যানের চাপায় নিহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল।

আজ শুক্রবার সকাল নয়টার দিকে মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জিলু মিয়া (৪২)। তিনি গজারিয়ায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের অহিদ মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল করে নিজ গ্রাম রসুলপুরে যাচ্ছিলেন নিহত পুলিশ সদস্য। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামগামী লেনে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় চালক জিলু মিয়া গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকাল নয়টা বিশ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ কনস্টেবল জিলু মিয়াকে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা