সংবাদ সম্মেলন: ‘গজারিয়ায় ডালিম হত্যার মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি’

সংবাদ সম্মেলন: ‘গজারিয়ায় ডালিম হত্যার মূল আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি’

মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ডালিম দেওয়ান হত্যাকান্ডের আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এবং মামলার তদন্ত সংস্থা পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

আজ মঙলবার দুপুর ২ টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সংবাদিক শফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বাদী ও নিহতের বড় ভাই আমিনুল হাসান দেওয়ান অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর সোহাগ, শামিম ও মাহমুদুল হাসান রাব্বিসহ তিন আসামি গ্রেপ্তারের পর সোহাগ ও শামিম নামের দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কিন্ত অপর আসামী রাব্বি এখনও স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়নি। বর্তমানে তারা জামিনে আছে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কামাল ও হোসেন এবং মুখোশ পরা আরও দুইজন হত্যাকান্ডের সময় উপস্থিত ছিল বলে উল্লেখ করেন শামিম। কিন্তু কামাল ও হোসেনসহ ৪ জন এখনও গ্রেপ্তার হয়নি। কামালের নেতৃত্ব ও নির্দেশনায় ডালিম দেওয়ানকে হত্যা করা হয় বলে সোহাগ ও শামিম নামের দুই আসামি জানিয়েছে।’

বাদী বলেন, ‘স্থলে হত্যার পর লাশ মেঘনার শাখা নদীতে ফেলে দেয় ঘাতকরা। নদী থেকে লাশ উদ্ধার হওয়ায় মামলাটি গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি তদন্ত করছে। কিন্তু তাদের তদন্ত কার্যক্রমে গতি নেই। এর ফলে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাই মামলাটি সিআইডি অথবা পিবিআই পুলিশের কাছে হস্তান্তর করার দাবি করছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ মার্চ রাতে গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেন দেওয়ানের ছেলে ডালিম দেওয়ান (৩৫) নিখোঁজ হন। ৮ মার্চ বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় ডালিম দেওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ মার্চ গজারিয়া থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা রুজু করা হয়। এর কিছুদিন পর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য পেয়ে প্রথমে শামিম ও পরে মাহমুদুল হাসান রাব্বিকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা