মুন্সিগঞ্জে মসজিদের মাইকে ডাকাতির ‘অপপ্রচার’, দ্রুত ব্যবস্থা- র‌্যাব ১১

মুন্সিগঞ্জে মসজিদের মাইকে ডাকাতির ‘অপপ্রচার’, দ্রুত ব্যবস্থা- র‌্যাব ১১

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘এলাকায় ডাকাত ঢুকেছে। আপনারা নিজ নিজ নিরাপত্তার জন্য লাঠিসোটা হাতের কাছে রাখবেন এবং বাড়ির সব লাইট জ্বালিয়ে রাখুন।’ এভাবেই মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন মসজিদ থেকে সোমবার (২০ এপ্রিল) রাতে মাইকে ঘোষণা করা হয়।

মাইকে প্রচারিত এ গুজবে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও অল্প সময় পরেই সব মসজিদ থেকে এলাকাবাসীকে গুজবে কান না দেওয়ার ঘোষণা দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সরেজমিন মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল এলাকায় কথা হয় আজহার সহ অনেকের সঙ্গে।

তারা জানান, সোমবার রাত ১২টার দিকে স্থানীয় মসজিদের মাইকে এলাকায় ডাকাত আসার কথা প্রচার হয়। এ ঘোষণার পর আতঙ্কিত এলাকাবাসী বাইরে বেরিয়ে আসে। পরে মসজিদ কমিটির সিদ্ধান্তে মাইকে এটা নিছক গুজব বলে ঘোষণা করা হয়।

এদিকে, ডাকাতি হচ্ছে সন্দেহে ‘অপপ্রচার’ এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব-১১, (সিপিসি-১) পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না।

সোমবার মধ্য রাত ১ টা ১০ মিনিটে ‘আমার বিক্রমপুর’ এর সাথে কথা বলেন র‌্যাব-১১, (সিপিসি-১) পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না।

তিনি বলেন, ‘ডাকাতি হচ্ছে এমন খবর মসজিদের মাইকে প্রচার করা হচ্ছে বলে তথ্য পেয়েছি। ডাকাতি হয়েছে এমন কোন তথ্য কেউই দিতে পারেনি।’

এনায়েত হোসেন মান্না বলেন, ‘করোনাভাইরাসকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন উপায়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার রাতে মুন্সিগঞ্জের বিভিন্ন উপজেলায় এই ঘটনা ঘটে।’

তিনি জানান, ‘করোনাভাইরাস কে কেন্দ্র করে মুন্সিগঞ্জে সকল ধরনের ‘অপপ্রচার কিংবা গুজব’ ঠেকাতে কাজ করছে র‌্যাব-১১।’

এই বিভাগের সর্বশেষ

আজকের সর্বশেষ সংবাদ

ফেইসবুকে আমরা

ইউটিউবে আমরা